পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পর গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলার বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

প্রতিনিধি গাজীপুর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা গেছে। জেলার বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন।


শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


শ্রমিকদের অবরোধের কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধের খবর পাওয়া গেছে। অবরোধের কারণে সৃষ্ট যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।


শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ আছে। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায়। ছবি: পদ্মা ট্রিবিউন

একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।


এ ছাড়া মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে।


সকালে জরুরি কাজে ঢাকার দিকে যাচ্ছিলেন বাসযাত্রী সেলাইমান হোসেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় তিনি বলেন, শ্রমিকদের অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় সড়কে আটকে আছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।


অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা জসিম উদ্দিন প্রশ্ন তোলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করবেন কারখানায় গিয়ে, তাঁরা রাস্তায় কেন আসবেন?’


তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক শেষে নতুন করে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগের তুলনায় নতুন মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। তবে ঘোষিত মজুরিতে সন্তুষ্ট নন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

গাজীপুরের শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের পর ছুটি ঘোষণা করা হ্যামস গার্মেন্টসের ফটকে ভীড় করেন শ্রমিকেরা। বুধবার সকালে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে। ছবি: পদ্মা ট্রিবিউন

তবে মজুরি বোর্ড ১৭ হাজার টাকা চূড়ান্ত করলেও তা কার্যকর করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে।


নাওজোড় এলাকায় বিক্ষোভরত শ্রমিক কবির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১২ হাজার ৫০০ টাকা বেতনে সংসার চালানো কঠিন। বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে মাস শেষে হাতে কিছুই থাকে না। দাবি করা বেতন কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।


বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু শ্রমিকদের আয় বাড়ছে না উল্লেখ করে মহানগরীর ভোগড়া এলাকায় বিক্ষোভরত আরেক শ্রমিক শরিফুল ইসলাম বলেন, মালিকপক্ষ বেতন না বাড়ালে শ্রমিকদের পক্ষে কাজ করে সংসার চালানো সম্ভব নয়।


গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে একাধিক এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন। কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাসের গোলা ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি কারখানায় ছুটি ঘোষণার তথ্য তাঁদের কাছে রয়েছে।


শ্রীপুরে সকালে চারটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কারখানাগুলোর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি কারখানার ফটকে তিন দিনের ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।


ক্ষতিগ্রস্ত কারখানাগুলো হলো দক্ষিণ ভাংনাহাটি গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস ও ওয়াশিং লিমিটেড এবং লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড। অন্য কারখানাটি কেওয়া পূর্বখণ্ড গ্রামের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড।


প্রত্যক্ষদর্শীদের একজন আরিফুল ইসলাম বলেন, সকাল আটটার দিকে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কারখানার প্রধান ফটক ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে কারখানার প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান।


প্রায় একই সময়ে পাশের ঢাকা গার্মেন্টস ও ওয়াশিং লিমিটেড এবং লাক্সমা ইনার ওয়্যার লিমিটেড কারখানার ফটকেও একদল শ্রমিক ভাঙচুর চালান।


হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, সকালে তাঁদের কারখানার ভেতরে প্রবেশ করে একদল লোক ভাঙচুর চালান। পাশের একই শিল্পগোষ্ঠীর ঢাকা গার্মেন্টস ও ওয়াশিং লিমিটেড কারখানাতেও ভাঙচুর করা হয়েছে।


এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এমন খবর পেয়েছি। এরই মধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.