পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাঙ্গু নদ বিপৎসীমার ওপরে, পাঁচ উপজেলায় বাড়ছে পানি

এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় পাহাড় ও দেয়ালধসে ২৯ জন প্রাণ হারালেন।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
স্ঙ্গু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সব ইউনিয়ন তলিয়ে গেছে। এতে পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। আজ সকালে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়া এলাকায়
স্ঙ্গু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সব ইউনিয়ন তলিয়ে গেছে। এতে পানি বন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। আজ সকালে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

টানা পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের সাঙ্গু নদের পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সাঙ্গুর পাশাপাশি ডলু, টঙ্কাবতী, মাইনী ও চেঙ্গী নদীর পানিও বেড়েছে। এতে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলার নদীতীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার কয়েক লাখ মানুষ।


জলাবদ্ধতার কোনো উন্নতি না হওয়ায় পানিবন্দী মানুষের ভোগান্তি আরও বেড়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে বুধবার দিবাগত রাত একটায় কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে দুজন এবং ভোরে বান্দরবানের লামার মিশনপাড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় পাহাড় ও দেয়ালধসে ২৯ জন প্রাণ হারালেন।


দুর্গত অনেক এলাকায় নলকূপ ডুবে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। উপজেলা সদরগুলোতে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাঙ্গু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেড়িবাঁধ ভেঙে দুই উপজেলার প্রায় সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত আছে।

বিপৎসীমার ওপরে বইছে সাঙ্গু নদ

কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সাঙ্গু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে বেড়িবাঁধ ভেঙে দুই উপজেলার প্রায় সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত আছে।


পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টায় সাতকানিয়া অংশে সাঙ্গু নদের পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল, যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। দুই উপজেলার সবচেয়ে বড় এই নদ গত রাতে বিপৎসীমা পার করেছে। ডলু ও টঙ্কাবতী নদী সাঙ্গু নদের সঙ্গে যুক্ত। এই দুই নদীর পানিও এর প্রভাবে বেড়েছে।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত রাতেই দুই উপজেলার সব কটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সাতকানিয়া উপজেলা পরিষদ ও থানা এলাকার কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি। ইউনিয়ন ও গ্রামের সড়কগুলো ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।


এই অঞ্চলের নদীগুলোর স্থায়ী কোনো রক্ষাবাঁধ নেই। গ্রামের সড়কগুলোই রক্ষাবাঁধ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে থাকায় এই বাঁধের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। ডুবে গেছে গ্রামের হাটবাজার। পানি ঢুকেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। পানির নিচে রয়েছে ১ হাজার হেক্টরের বেশি জমির ফসল। তবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।


সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘গত রাতেই উপজেলার সব কটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছি। পাশাপাশি জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। মানুষকে নিরাপদে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের নিয়ে উদ্ধার দল গঠন করা হয়েছে।’


পাউবো চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার বেলা ১১টার দিকে বলেন, ‘বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লোকজনকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে।’

বন্যার পানিতে দীঘিনালা উপজেলার ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) পানি ওঠায় নিরাপত্তার স্বার্থে বুধবার বিকেল থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে দীঘিনালা উপজেলা এবং সাজেকের আবাসিক হোটেল, রিসোর্ট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুঠোফোন চার্জ, ইন্টারনেট সংযোগ ও বিশুদ্ধ পানি সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।

বাঁশখালীতে পানি কমছে না

বৃষ্টি বন্ধ না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো ডুবে আছে। পানি কমার কোনো লক্ষণ নেই। উপজেলার অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকেছে। কিছু কিছু জায়গায় তিন থেকে চার ফুটের বেশি পানি জমে গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার ১৪টি ইউনিয়নের বাসিন্দারা।


স্থানীয় সূত্র জানায়, চার দিনের প্রবল বৃষ্টির পর পাহাড়ি ঢল নেমে পাহাড়ি ইউনিয়নগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে উপকূলীয় এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়। কিন্তু চার দিন ধরে বৃষ্টি না কমায় ভিটাবাড়িতে জমে থাকা পানি নামেনি।

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের সামনে নৌকা। সড়ক ডুবে যাওয়ায় মানুষ নৌকায় এসে আশ্রয়কেন্দ্রে উঠছেন। আজ সকালে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে জলাবদ্ধতা সৃষ্টির পর প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হলেও দুর্গত এলাকার মানুষজন বসতবাড়ির মালামাল রক্ষায় বাড়িতেই অবস্থান করছেন। আশ্রয়কেন্দ্রে গিয়েও বেশিক্ষণ থাকছেন না তাঁরা।


জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার থেকে টানা বৃষ্টির পর পাহাড়ি ঢল নেমে ও জোয়ারের পানিতে বাঁশখালী উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়। এতে করে কোনো কোনো জায়গায় এক থেকে তিন ফুট পানি জমে যায়। ফলে এসব এলাকায় পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। ঘরগুলোতে পানি ঢুকে পড়ায় মালামাল নষ্ট হয়ে গেছে।


জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালী পৌর সদর ও শীলকূপ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে উপজেলার ছনুয়া, নাপোড়া, চাম্বল, শেখেরখীল, খানখানাবাদ ও পুকুরিয়া ইউনিয়নে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও জলাশয়।


জানতে চাইলে বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম সকালে বলেন, ‘গত ৩০ বছরে এমন দুর্যোগ আমরা দেখিনি। আমার পুরো ইউনিয়নের রাস্তাঘাট পানির নিচে। এখানে ৮০ শতাংশের বেশি বাড়িঘর দুই থেকে তিন ফুট পানির নিচে।’


জানতে চাইলে ছনুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘আমার এলাকা গলা পরিমাণ পানির নিচে। কোনোভাবেই পানি নামছে না। এমন পরিস্থিতি থাকলে বড় ধরনের বিপর্যয় হবে।’


বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, ‘আমরা উপজেলার ১১০টি আশ্রয়কেন্দ্র খোলা রেখেছি। বুধবার ইউনিয়নগুলোতে সাড়ে ২৪ টন চাল পাঠানো হয়েছে। জরুরি মুহূর্তে জনপ্রতিনিধিদের মাধ্যমে শুকনা খাবার পাঠানো হবে।’

পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছে কয়েকটি পরিবার। আজ সকালে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী এলাকায়। ছবি: পদ্মা ট্রিবিউন
খাগড়াছড়ি ও দীঘিনালায় বাড়ছে পানি, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন নিচু এলাকা ডুবে গেছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দীঘিনালা-লংগদু, দীঘিনালা-সাজেক এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দীঘিনালা-লংগদু সড়কের স্টিল ব্রিজ, ছোট মেরুং, আটারকছড়া ও তেঁতুলতলা এলাকায় সড়ক পানিতে ডুবে যায়। এরপর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী ও বাঘাইহাট এলাকাও পানির নিচে তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক মানুষকে কোমরপানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।


অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহালছড়ি উপজেলার চব্বিশ মাইল, মাইসছড়ি, কেরেঙ্গেনালা ও লিমুছড়ি এলাকা তলিয়ে যাওয়ায় ওই সব এলাকার সড়কেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


এদিকে জেলার চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি ক্রমাগত বাড়ছে। জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার বিভিন্ন নিচু এলাকায় পানি ঢুকে বসতবাড়ি ও সড়ক ডুবে গেছে। অনেক পরিবার গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। খাগড়াছড়ি শহরের নিচের বাজার, বটতলী, মহিলা কলেজ এলাকা, টিটিসি, রাজ্যমনিপাড়া ও গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে।


খাগড়াছড়ি সদরের নিচের বাজার এলাকার বাসিন্দা আমেনা বেগম বলেন, ঘরে হাঁটুসমান পানি ঢুকেছে। যে হারে পানি বাড়ছে, মনে হচ্ছে পুরো ঘরই ডুবে যাবে।


দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, উপজেলায় ২০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁদের খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। রাতে পানি কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে। সাজেক ও লংগদু সড়কের কয়েকটি অংশ এখনো পানির নিচে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


বন্যার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে। মহালছড়ি-গুইমারা সড়কের সিন্দুকছড়িসহ বিভিন্ন সড়কে ছোট আকারের পাহাড়ধসের ঘটনা ঘটেছে।


জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে। জেলা শহরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ, কুমিল্লা টিলা, কলাবাগান, নুনছড়িবাজার, মোল্লাপাড়া, কৈবল্যপিঠ ও আঠারো পরিবার এলাকাসহ ঝুঁকিপূর্ণ স্থানের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।


জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ১৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

পানিতে ডুবে আছে বাড়ি–ঘর ও চলাচলের রাস্তা। আজ সকালে বাঁশাখলী উপজেলার বাহারছড়া এলাকা। ছবি: সংগৃহীত
দীঘিনালা ও সাজেকে নেই বিদ্যুৎ

বন্যার পানিতে দীঘিনালা উপজেলার ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় নিরাপত্তার স্বার্থে বুধবার বিকেল থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে দীঘিনালা উপজেলা এবং সাজেকের আবাসিক হোটেল, রিসোর্ট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুঠোফোন চার্জ, ইন্টারনেট সংযোগ ও বিশুদ্ধ পানি সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।


দীঘিনালা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিল্লোল বড়ুয়া বলেন, পাহাড়ি ঢলের পানিতে পুরো উপকেন্দ্র তলিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলে যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.