মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর রমনার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার একটি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ছিলেন। রাজনীতি করার পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করতেন বলে জানা গেছে।
আজ সোমবার রাত আটটার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লালের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে আনারকলি মার্কেটের সামনে বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশকে কয়েকজন লোক মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল হোসেন সেখানে যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তখন আলোচনার একপর্যায়ে দিদারুল ইসলাম ও লুৎফুর নামের দুজনের সঙ্গে বিল্লালের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়।
হাসপাতালে নিয়ে আসা বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশ ও মো. লাবলু মোল্লা অভিযোগ করে বলেন, ‘বাবু ও লুৎফুরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে।’ পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইউসুফ তালুকদার।
oooooooooooooooooooooooooo
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!