রূপপুরের নবম ও শেষ চালান প্রকল্পে, চলছে প্রথম ইউনিটের পরীক্ষা
কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির কাজ শেষ হলো।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মাধ্যমে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির কাজ শেষ হলো।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ভোরে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় ঢোকে। সেনাবাহিনীর তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে জ্বালানি আনার পরিকল্পনা ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি দিতে দুটি চালানে ৪৮টি ইউরেনিয়াম জ্বালানি অ্যাসেম্বলি আনা হয়েছে। সব মিলিয়ে ২১১টি অ্যাসেম্বলি আমদানির নির্ধারিত কাজ শেষ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, বিশেষ কার্গো বিমানে জ্বালানিগুলো দেশে আনা হয়। পরে বিশেষ যানবাহনে কড়া নিরাপত্তায় সেগুলো রূপপুরে নেওয়া হয়।
রাশিয়ার সহায়তায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট আছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট; দুটি ইউনিট পুরোদমে চালু হলে মোট উৎপাদন দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
জ্বালানির শেষ চালান আসার সময় প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজও চলছিল। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো এ ইউনিট গ্রিডে যুক্ত হয়। সেদিন বেলা ৩টা ১৬ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা চলে; সর্বোচ্চ উৎপাদন ওঠে ৩৭৫ মেগাওয়াটে। পরে কারিগরি পরীক্ষার জন্য সরবরাহ বন্ধ রাখা হয়।
এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। এ সময় টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা ও গ্রিডের সঙ্গে সমন্বয় করে সক্ষমতা যাচাই করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ১৭ নভেম্বর প্রথম ইউনিট গ্রিডে যুক্ত হওয়াকে দেশের বড় অর্জন বলে উল্লেখ করেন। তাঁর মতে, পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ায় বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হয়েছে।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক সরবরাহ শুরু হলেও বাণিজ্যিক উৎপাদন এখনো শুরু হয়নি। পুরোদমে উৎপাদনের আগে যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার পরীক্ষা শেষ করতে হবে; পাশাপাশি নিতে হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন।
রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনার পর পুরো সক্ষমতায় বাণিজ্যিক সরবরাহ শুরুর পরিকল্পনা আছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও কারিগরি যাচাই গুরুত্বপূর্ণ।
পরীক্ষামূলক পরিচালনা শেষে রাশিয়ার ঠিকাদারের কাছ থেকে ধাপে ধাপে প্রথম ইউনিটের দায়িত্ব নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব পাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।