চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে মাদকবিরোধী অভিযান, ৮ জন শনাক্ত
এদিকে একই হলের অপর একটি কক্ষে তল্লাশির সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের দুটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আটজনকে শনাক্ত করেছে হল প্রশাসন।
এদিকে একই হলের অপর একটি কক্ষে তল্লাশির সময় দুই আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় হলের সি-ব্লকের ৬১২ ও ১০৪ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি করেছে প্রশাসন। পরে কক্ষটি তল্লাশি করে কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা করা এবং সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশির সময় ইতিহাস বিভাগ এবং অপরাধবিজ্ঞান ও পুলিশবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে আবাসিক শিক্ষককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তাঁরা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ ফারুক বলেন, ‘অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গানবাজনার কথা বলে তাঁরা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে পাওয়া গেছে। কক্ষের চারটি টেবিলে কোনো বই ছিল না, মাদক পাওয়া গেছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে।’
ভুক্তভোগী শিক্ষক ও শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষক বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘কক্ষ তল্লাশির সময় আমিসহ আরেকজন আবাসিক শিক্ষককে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেন। এ সময় তাঁদের আচরণ ছিল আক্রমণাত্মক। আমরা নিজেদের শিক্ষক পরিচয় দেওয়ার পরও তাঁরা উগ্র আচরণ করেন।’