পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

রাতে ঢাকার তিন জায়গায় ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বুধবার রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন
বুধবার রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।


সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, খিলগাঁও উড়ালসড়কের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চায়ের দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় হৃদয় নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।


রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন। শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণ ঘটানো ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


পরে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ট্রাকস্ট্যান্ডের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।


মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম বলেন, ট্রাকস্ট্যান্ডের সামনে রাখা ট্রাকে আগুন দেওয়া হয়েছে। স্ট্যান্ডের কারও সঙ্গে শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সাতজন নিরাপত্তাকর্মী ছিলেন। বাইরে থেকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সুযোগ ছিল না বলে প্রাথমিকভাবে মনে করছেন তাঁরা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকা থেকে ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ দিপু তালুকদারকে (২১) গ্রেপ্তার করেছে ভাটারা থানার পুলিশ। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।


উত্তরখানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হেলাল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।


পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উত্তরখানের ওজাপাড়া এলাকায় রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ২৫ থেকে ৩০ জনের একটি দল। ককটেলটি বাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় রবিউল ইসলামের সংশ্লিষ্টতার তথ্য পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.