পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল করেন।

প্রতিনিধি গাজীপুর
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।


সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সমাবেশের মঞ্চে এনসিপির নেতারা ওঠেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ অন্ধকারের মধ্যেই দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কয়েকজন নেতা বক্তব্য দেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ ফিরে আসে। তখন মঞ্চে সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


রাত সাড়ে ৯টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য শুরু করার কিছুক্ষণ পর সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আহতরা হলেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাঁদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা।


ঘটনার পর বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, এটি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। তবে এ ধরনের হামলায় তাঁরা ভীত নন এবং ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।


পরে নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন থানায় প্রবেশ করেন।


সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

বিস্ফোরণের ঘটনায় আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। সেখানে কর্মসূচি শেষে দলটির নেতারা সাভারে যান।


পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ। এছাড়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খানসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.