গোপালগঞ্জে ট্রেন ও থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ
পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল এখনই চালু হচ্ছে না। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চলাচল চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে চালুর উদ্যোগ নেওয়া হবে।
গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন চলাচল চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ দুই থানার কার্যক্রম চালু হবে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও চালু হয়নি। এ সেবা চালু হতে সময় লাগবে।
লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার পর ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় সরকার।
১৫ নভেম্বরের নাশকতার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন। কেউ সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারছেন না। পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। কোনো ধরনের মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এটাই সরকারের অবস্থান। ওই কর্মকর্তা আরও বলেন, আবারও গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হলে বা কারও ঘরবাড়িতে হামলা হলেও সরকারের অবস্থান আগের মতোই থাকবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। বন্ধ হওয়ার আগে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ সকাল ছয়টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। রাত সাড়ে ১০টার মধ্যে রাজশাহী থেকে আবার গোপালগঞ্জে ফিরে আসত। ‘অভিযাত্রী কমিউটার ট্রেন’ ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। ‘রূপসী বাংলা’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত চলাচল করত। এ ছাড়া ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত চলাচল করত। ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় লোকজন। অনেকে বাসের চেয়ে ট্রেনে বেশি যাতায়াত করেন। ট্রেনে ঢাকায় যাতায়াত করতে সময় কম লাগে। খরচও কম। ট্রেন চলাচল চালু করতে স্থানীয় লোকজনের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আবার ট্রেন চলাচল চালু করতে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখনই ট্রেন যোগাযোগ চালু না করার পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি থেকে আবারও হামলা-ভাঙচুর হতে পারে। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এসব সেবা চালু হওয়ার সম্ভাবনা নেই।