ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে
চলতি মাসে এর আগে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপাল। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। ওই সূত্র জানায়, চলতি মাসে এর আগে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা বলেন, সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্পের মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল এত দূরে হলেও রংপুর ও ঢাকার মতো স্থানে এটি অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প হয়নি।
আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। নেপালের ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পটি নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।