পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়ল বাস ভাড়া, কিলোমিটারে ১৭ পয়সা যোগ

ফলে পণ্যবাহী যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়ার হার কার্যকর হবে না

নিজস্ব প্রতিবেদক ঢাকা
দীর্ঘ অপেক্ষার এল বিআরটিসির একটি বাস
দীর্ঘ অপেক্ষার এল বিআরটিসির একটি বাস | ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।


বিআরটিএ সূত্র জানিয়েছে, এই বাড়তি ভাড়ার হার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না। ট্রাক–কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। ফলে পণ্যবাহী যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়ার হার কার্যকর হবে না।


বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাস ধরে ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার পথে অনেক পরিবহনে ৫২ আসনের বাসের আসন কমিয়ে আরামদায়ক করা হয়। সে ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে।


উদাহরণ হিসেবে বলা যায়, দূরপাল্লার পথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব আড়াই শ কিলোমিটারের কাছাকাছি। এই পথে ৫২ আসনের বাসের ভাড়া বাড়বে ৪০ টাকার কিছু বেশি। কিন্তু আরামদায়ক করার জন্য ৪০ আসনে নামিয়ে আনা বাসের ভাড়া আরও বেশি বাড়বে। সব ধরনের বাসের ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত করা হয়।


বিআরটিএ সূত্র বলছে, দূরপাল্লা এবং শহরের কোন পথে, কত দূরত্বে ভাড়া কেমন হবে—এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে এর জন্য দু–এক দিন সময় লাগবে।


এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়াসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসে গতকাল সোমবার থেকেই বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছেন পরিবহন মালিক–শ্রমিকেরা। কোথাও কোথাও ১০০ টাকা কিংবা তারও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে ঢাকা–বরিশাল পথে সাকুরা পরিবহনে ১০০ টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অথচ এই পথের ভাড়া বড়জোর ৩০ টাকা বাড়তে পারে।


বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে। বিআরটিএ কিলোমিটারপ্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দিয়েছে।


সংশ্লিষ্ট সূত্র বলছে, গতকাল বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠক হয়। এতে পরিবহনমালিক–শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে পরিবহনমালিক–শ্রমিক নেতারা মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বৃদ্ধির আবেদন জানান।


বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, টেম্পোসহ অনেক যানবাহন ডিজেলে চলে। এর মধ্যে মালবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না। এমনকি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়াও সরকার ঠিক করে না। এসি বাস ও মালবাহী যানের ভাড়া মালিক–শ্রমিকেরাই নির্ধারণ করেন। অন্যদিকে নন–এসি বাস ও নগর পরিবহনের বাস–মিনিবাসে ভাড়া সরকার নির্ধারণ করে দিলেও তা মানা হয় না। এ ছাড়া জ্বালানির মূল্য কমার পর ভাড়া কমালেও সেটাও কার্যকর হয় না।


গতকাল রোববার রাতে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে সরকার। এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। সেটা ২ টাকা ৭০ পয়সা হয়ে যাবে। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। তা হবে ২ টাকা ৫৯ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। এখন কিলোমিটারপ্রতি ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.