পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ইজিবাইক থেকে নামিয়ে তরুণীকে নির্যাতন ও চুল কাটার অভিযোগ টেকনাফে

তরুণী বাদী হয়ে টেকনাফ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

প্রতিনিধি কক্সবাজার
নারী নির্যাতন
নারী নির্যাতন | প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ইজিবাইক থেকে এক তরুণী যাত্রীকে নামিয়ে মারধর ও অবমাননাকর আচরণের পর চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা যেন প্রকাশ করা না হয়, সে জন্য তরুণীর ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় পুলিশ মুর্শিদা বেগম ও রেহেনা আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে।


বুধবার বিকেল চারটার দিকে উপজেলার একটি সাগরতীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার তরুণী বাদী হয়ে টেকনাফ থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।


পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীর বাবা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়ায় বুধবার দুপুরে ওই তরুণী একটি বাজারে যান। সেখানে বিকাশ এজেন্টের কাছ থেকে ১৫ হাজার টাকা তুলে ইজিবাইকে করে বাড়ির দিকে রওনা দেন।


পরিবারের ভাষ্য, বিকেল চারটার দিকে সড়কে ইজিবাইক থামিয়ে স্থানীয় মুর্শিদা বেগম ও রেহেনা আক্তারের নেতৃত্বে ১০-১২ জন লোক তরুণীকে জোর করে নামিয়ে আনেন। এরপর তাঁকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে মারধর করতে করতে একটি খোলা জায়গায় নিয়ে যান। সেখানে লোকজনের সামনে তাঁর সঙ্গে অবমাননাকর আচরণ করার পর বেঁধে মারধর করা হয়।


পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তরুণীর এক আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এরপর বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ একজনের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে। সন্ধ্যায় আহত তরুণীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পুলিশ জানায়, রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে মুর্শিদা ও রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।


বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, তরুণীর করা মামলায় গ্রেপ্তার দুই নারীকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে। পূর্বশত্রুতার জের ধরে ওই তরুণীকে মারধর ও হেনস্তা করা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.