পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ডাকাত আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না এলাকাবাসী

এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, কম্পিউটার, মুঠোফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে।

প্রতিনিধি নারায়ণগঞ্জ
ডাকাতি
ডাকাতি | প্রতীকী ছবি

আড়াইহাজার উপজেলায় এক সপ্তাহের মধ্যে ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে ডাকাত দলের হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করা এবং কুপিয়ে জখম করার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, কম্পিউটার, মুঠোফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাত দুইটা থেকে চারটার মধ্যে খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় চারটি বাড়িতে ডাকাতি হয়। প্রথমে শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালায় মুখোশধারী ১০-১২ জনের সশস্ত্র একটি দল। দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩৫ হাজার টাকা, একটি কম্পিউটার, দুটি মুঠোফোন ও ১২ আনা স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাব লুট করে তারা।


এরপর একই কায়দায় কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ঢুকে এক ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। পরে পাঁচআনি চক এলাকার আবদুল আমিনের বাড়ি থেকে ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। একই এলাকার জামাল হোসেনের বাড়িতেও হামলা চালায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জামালকে কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। আহত জামালকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এর কয়েক দিন আগে বুধবার রাত তিনটা থেকে পৌনে চারটার মধ্যে উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে আরও দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য অনুযায়ী, মুখোশধারী ১০ থেকে ১২ জনের সশস্ত্র দলটি প্রথমে ভৈরবদী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জামাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে তারা। এ সময় ঘরে থাকা ৪৫ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, পাঁচ ভরি রুপা ও দুটি মুঠোফোন লুট করা হয়।


এরপর একই এলাকার আমানউল্লাহ আমানের বাড়িতে হামলা চালায় দলটি। সেখানে আমানের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লোহার আলমারি থেকে ৭০ হাজার টাকা, আনুমানিক চার ভরি রুপা, একটি স্মার্টফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।


এভাবে এক সপ্তাহের মধ্যে উপজেলার দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। বিশেষ করে গভীর রাতে সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শম্ভুপুরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, প্রতিবছর শীতকাল এলেই ডাকাতি বাড়তে থাকে। তাই ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। কখন কার বাড়িতে হামলা হয়, সেই আতঙ্কে থাকি। এলাকাবাসী মিলে রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছি। নিজেদের পক্ষে তো ডাকাত ঠেকানো সম্ভব নয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


একই এলাকার গৃহবধূ আকলিমা আক্তার জানান, রাত হলে পরিবারের সবাই ভয়ে থাকেন। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে তাঁরা খুব দুশ্চিন্তায় থাকেন। বাড়ির পুরুষ সদস্যরা বাইরে থাকলে আতঙ্ক আরও বেড়ে যায়।


ব্যবসায়ী আতাউর রহমান বলেন, রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতেও ভয় লাগে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। প্রশাসনের কাছে জোর দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে রাতে টহল জোরদার করা হোক এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.