সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত
বিষয়টি আমাদের জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তাকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে তাঁর দেশ।
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুজন সংবাদ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, অতীতে যাঁদের ভারতবিরোধী ও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিষয়টি আমাদের জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানে কি না এবং এই সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন।