পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী রোববার তাঁর ফেরার কথা ছিল, তবে সে সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী রোববার তাঁর ফেরার কথা ছিল, তবে সে সময়সূচি এগিয়ে আনা হয়েছে।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার হয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।


সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার সে সময় এগিয়ে আনা হয়।


সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে দলটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরবর্তী দিনের যেসব কর্মসূচি জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে থাই এয়ারলাইন্সের একটি বিমানযাত্রায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে।


সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’


পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান আছে সংবিধানে।


রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’

রাজনীতি থেকে আরও পড়ুন

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.