পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি ৪.৬০ শতাংশ, শিল্প খাত চাঙা হলেও পিছিয়ে কৃষি

তবে চার প্রান্তিকের সমন্বিত হিসাবে গত অর্থবছরে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ০৫ শতাংশ। শিল্প খাতের বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ওপর ভর করে প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে চার প্রান্তিকের সমন্বিত হিসাবে গত অর্থবছরে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। চলতি মূল্যে এ সময় জিডিপির আকার দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৭ বিলিয়ন টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে ছিল ১৪ হাজার ৩৮৫ বিলিয়ন টাকা।


পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে প্রধান তিনটি বৃহৎ খাতের প্রবৃদ্ধির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এপ্রিল-জুন প্রান্তিকে শিল্প খাতে বড় ধরনের গতি ফিরেছে। এ সময় এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে উৎপাদন উপখাতে ৮ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।


একই সময়ে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৯ শতাংশ।


পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ, ৩ দশমিক ০৩ শতাংশ ও ২ দশমিক ২২ শতাংশ। বিপরীতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এই হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৯১ শতাংশ, ৩ দশমিক ৫৩ শতাংশ ও ৪ দশমিক ৫৩ শতাংশ। চার প্রান্তিকের সমন্বিত উপাত্তের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশে।


উল্লেখ্য, আন্তর্জাতিক মান অনুসরণের পাশাপাশি দেশের অর্থনীতির স্বল্পমেয়াদি গতিপ্রকৃতি বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে সহায়তার জন্য বিবিএস ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে নিয়মিতভাবে উৎপাদন পদ্ধতিতে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন ও প্রকাশ করে আসছে।

বাণিজ্য থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.