Padma Tribune
Home Blog Categories Authors Archive About Contact
Home / খেলা / মেসিদের বিশ্বকাপ জয়ের পর গত চার বছরে বদলে যাওয়া ফুটবল বিশ্ব
খেলা

মেসিদের বিশ্বকাপ জয়ের পর গত চার বছরে বদলে যাওয়া ফুটবল বিশ্ব

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

1 min · 5 words · 3
কাতারের লুসাইলে ট্রফি নিয়ে মেসিদের উৎসব
কাতারের লুসাইলে ট্রফি নিয়ে মেসিদের উৎসব
২০২২ সালের ১৮ ডিসেম্বর। কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্সের সেই মহাকাব্যিক ফাইনাল ম্যাচটিই হয়তো ছিল অনেকের জন্য শেষবারের মতো মন ভরে ফুটবল উপভোগ করার উপলক্ষ। এরপর কেটে গেছে প্রায় চার বছর। এখন দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আবারও ফুটবলের চেনা উন্মাদনায় মেতে ওঠার আগে পেছনে ফিরে তাকালে অনেকেই হয়তো চমকে উঠবেন। কারণ, এই চার বছরে ফুটবল বিশ্বের চেনা চিত্রপট অনেকটাই বদলে গেছে। এই সময়ে কারও ক্যারিয়ার পৌঁছে গেছে সফলতার চূড়ায়, আবার কেউবা হারিয়ে গেছেন গভীর অতলে।

আরেকটি বিশ্বকাপের রোমাঞ্চে মেতে ওঠার আগে চলুন জেনে নেওয়া যাক লুসাইল থেকে মেটলাইফ স্টেডিয়ামের এই দীর্ঘ পথপরিক্রমায় ফুটবল দুনিয়ায় ঠিক কী কী পরিবর্তন এলো।

মেসির মায়ামি অধ্যায়
২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি সেই মৌসুমের বাকি সময়টুকু পিএসজিতেই কাটান। এরপর ২০২৩ সালের জুলাইয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। ৩৬ বছর বয়সে, সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। তাঁর এই দলবদল স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে বড় শিরোনাম হয়।

তবে বয়স যে মেসিকে থামাতে পারেনি, তা মাঠের পারফরম্যান্সেই স্পষ্ট। মায়ামির হয়ে ১০৪ ম্যাচে তিনি করেছেন ৯০টি গোল। শুধু তা–ই নয়, তাঁরই নেতৃত্বে ক্লাবটি ঘরে তুলেছে ইতিহাসের প্রথম তিনটি বড় শিরোপা—২০২৩ সালের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালের এমএলএস কাপ। এর পাশাপাশি বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অরও হাতে তুলেছেন এই মহাতারকা।
পিএসজি ছেড়ে মেসি এখন ইন্টার মায়ামিতে খেলছেন
রিয়ালে এমবাপ্পে, ইউরোপের সেরা পিএসজি
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেন। দীর্ঘ অর্ধযুগ ধরে তিনি এই স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার চেষ্টা করছিলেন, আর রিয়ালও তাঁকে দলে নিতে চেয়েছিল। নানা কারণে এই দলবদল পিছালেও শেষ পর্যন্ত দুই পক্ষেরই আশা পূরণ হয়েছে। তবে কে জানত, এর পরপরই এমবাপ্পে ও রিয়ালের জন্য এক হতাশার সময় নেমে আসবে। গত দুই মৌসুমে রিয়াল কোনো ট্রফিই জিততে পারেনি। অন্যদিকে, যে পিএসজিতে চ্যাম্পিয়নস লিগ জিততে পারছেন না বলে এমবাপ্পে ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন, সেই দলটিই টানা দুই বছর ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মেসির উত্তরসূরি হিসেবে আবির্ভাব ইয়ামালের
অনেক দিন ধরেই ইউরোপীয় ফুটবল নতুন এক বিস্ময়বালকের অপেক্ষায় ছিল। মনে হচ্ছিল, সেই জায়গাটি হয়তো এমবাপ্পেরই দখলে থাকবে। কিন্তু ২০২৩ সালের এপ্রিলে বার্সেলোনার ১৫ বছর বয়সী এক কিশোর ফুটবল বিশ্বের সব হিসাব-নিকাশ পাল্টে দেন। তাঁর নাম লামিনে ইয়ামাল।

এখন ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন। ইতিমধ্যে বার্সেলোনার হয়ে তিনি তিনটি লা লিগা জিতেছেন। স্পেনকে এনে দিয়েছেন ২০২৪ সালের ইউরোর শিরোপা। এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরে রানার্সআপ হয়েছেন ইয়ামাল। তাঁর উল্কার গতির এই উত্থান দেখে ফুটবলপ্রেমীদের বিশ্বাস, ব্যালন ডি’অর জেতা এখন তাঁর জন্য সময়ের ব্যাপার মাত্র। ২০২৬ সালের বিশ্বকাপে স্পেনের মূল ভরসা হিসেবে তাঁর দিকেই তাকিয়ে আছে সবাই।
ইয়ামালকে বিস্ময় বালক হিসেবে খুঁজে পেয়েছে ফুটবল
প্রায় শিরোপাহীন রোনালদো

২০২২ সালের বিশ্বকাপের পর ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরব যাত্রা। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে তিনি যোগ দেন আল নাসরে। সৌদি প্রো লিগে যোগ দেওয়া প্রথম সুপারস্টারও ছিলেন তিনিই। পরবর্তীতে তাঁর দেখানো পথ ধরেই নেইমার, করিম বেনজেমা ও সাদিও মানেসহ অনেক তারকা ফুটবলারই সৌদি আরবে পাড়ি জমান।

তবে ফুটবলের এই নতুন দিগন্তের বিস্তার ও প্রচারণায় বড় ভূমিকা রাখলেও, রোনালদো যেন প্রায় শিরোপাহীন এক সময় পার করছিলেন। কাতার বিশ্বকাপের পর পুরোটা সময় সৌদির লিগে কাটিয়ে অবশেষে সর্বশেষ মৌসুমেই আল নাসরের হয়ে লিগ শিরোপা জিততে পেরেছেন তিনি। এর আগে তাঁর সর্বশেষ বড় ট্রফি ছিল ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের হয়ে জেতা ইতালিয়ান কাপ। রোনালদোর চোখ এখন ক্যারিয়ারের ১০০০তম গোলে। আসন্ন বিশ্বকাপের আগে তাঁর মোট গোলসংখ্যা এখন ৯৭৩।
আল নাসরে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো
নেইমারের পতনের গল্প
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন যথাক্রমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের লিগকে ফুটবল দুনিয়ায় পরিচিত করাতে বড় ভূমিকা রেখেছেন এবং নিয়মিত গোলও করেছেন—তখন নেইমার বলতে গেলে কিছুই করতে পারেননি। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে চোট আর ফর্মহীনতার কারণে তিনি মাঠের বাইরেই বেশি সময় কাটিয়েছেন। গত সাড়ে তিন বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি খেলতে পেরেছেন মাত্র ৬৩টি ম্যাচ।

২০২৩ সালের আগস্টে তিনি যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু চোটের কারণে সেখানে দেড় বছরে খেলতে পেরেছেন মোটে ৭টি ম্যাচ। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা ২০২৫ সালের জানুয়ারিতে ফিরে যান তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে কিছুটা নিয়মিত খেলে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে অবশেষে রাজি করাতে সক্ষম হন যে, তিনি এখনো ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার যোগ্য।
নেইমার বেশির ভাগ সময় ছিলেন মাঠের বাইরে
নতুন দুই ব্যালন ডি’অর জয়ী
২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কারটি প্রায় পুরোপুরি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলেই ছিল। এই দীর্ঘ সময়ের মধ্যে মাত্র দুবার অন্য কেউ এই পুরস্কারটি জিততে পেরেছিলেন। কিন্তু এই দুই মহাতারকার ক্যারিয়ার যখন শেষ অধ্যায়ে এসে পৌঁছেছে, তখন বিশ্ব ফুটবলে নতুন মুখের আবির্ভাব ঘটেছে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর জেতেন। আর এর পরের বছর, অর্থাৎ ২০play সালের পুরস্কারটি নিজের হাতে তোলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

হ্যারি কেইনের হাতে ট্রফি উঠেছে
টটেনহামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে কোনো শিরোপার স্বাদ পাননি হ্যারি কেইন। অবশেষে ২০২৩ সালে এই ইংলিশ স্ট্রাইকার যোগ দেন বায়ার্ন মিউনিখে। জার্মান এই ক্লাবটিতে গত তিন মৌসুমে ১৪৭ ম্যাচ খেলে তিনি করেছেন ১৪৬টি গোল। তবে সবচেয়ে বড় কথা হলো, বায়ার্নে এসেই তিনি ক্যারিয়ারের প্রথম শিরোপার দেখা পেয়েছেন। এই সময়ে তিনি জিতেছেন দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ এবং একটি জার্মান সুপার কাপ।
জার্মানিতে গিয়ে ট্রফির দেখা পেয়েছেন হ্যারি কেইন
বার্সেলোনার অর্থনৈতিক সংকট এখনো শেষ হয়নি
মাঠের পারফরম্যান্সে বার্সেলোনা যতটা শক্তিশালী, আর্থিক দিক থেকে তারা ততটাই নড়বড়ে। ২০১৭ সালে নেইমারের সেই বিশ্ব রেকর্ড গড়া দলবদলের পর থেকেই বিপুল খরচের বোঝা বইতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। একপর্যায়ে তাদের ঋণের পরিমাণ ১০০ কোটি ইউরো ছাড়িয়ে যায়। বর্তমানে সেই ঋণের বোঝা কিছুটা কমলেও আর্থিক চাপ এখনো পুরোপুরি কেটে যায়নি।

তবে সংস্কারকাজ শেষে নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ফেরাটা ক্লাবের জন্য আশার আলো হতে পারে। ২০২৩ সাল থেকে স্টেডিয়ামটি সংস্কারের জন্য বন্ধ ছিল। এখন সীমিত দর্শক ধারণক্ষমতা নিয়ে সেখানে খেলা শুরু করেছে বার্সা। পুরো ১ লাখ ৫ হাজার আসনের স্টেডিয়ামটি পুরোপুরি চালু হলে ক্লাবের আয় অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মধ্যেই অবশ্য টানা দুটি লা লিগা শিরোপা জিতে সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দলটি।

কয়েকটি দীর্ঘ শিরোপা–খরার অবসান
২০২২ সালের পর ইউরোপীয় ফুটবলে বেশ কয়েকটি ক্লাবের দীর্ঘদিনের শিরোপা–খরার অবসান ঘটেছে। ম্যানচেস্টার সিটি অবশেষে ২০২৩ সালে চ্যাম্পিয়নস লিগ জিতে তাদের বহুদিনের স্বপ্ন পূরণ করে। ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে সেবার তারা ট্রেবল জয়ের গৌরবও অর্জন করে।

একসময় ‘নেভারকুসেন’ নামে পরিচিত বায়ার লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে বুন্দেসলিগা জয় করে। এর মাধ্যমে বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের শিরোপার রাজত্ব শেষ হয়। আর মিকেল আর্তেতার কোচিংয়ে আর্সেনাল ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে তাদের দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটায়।
২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল আর্সেনাল
বিশ্বকাপে বড় কোচদের ভিড়
২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে অনেক জাতীয় দলই অভিজ্ঞ ও নামী কোচদের নিয়োগ দিয়েছে। ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের আশায় ব্রাজিল দল এবার দায়িত্ব দিয়েছে কার্লো আনচেলত্তিকে। বিশ্বমঞ্চে ব্রাজিলের ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ।

পাশাপাশি ক্লাব ফুটবলের ডাগআউট মাতানো টমাস টুখেল (ইংল্যান্ড), মরিসিও পচেত্তিনো (যুক্তরাষ্ট্র) ও ইউলিয়ান নাগলসমানরাও (জার্মানি) যোগ দিয়েছেন জাতীয় দলের সঙ্গে। এবারই প্রথম তাঁরা বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন।
Share: Twitter Facebook

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.