পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

পাম্পে ত্রুটি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ

প্রতিনিধি সৈয়দপুর
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র | ছবি: পদ্মা ট্রিবিউন

পাম্পে ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এ ইউনিটের উৎপাদন বন্ধ হয়। ইউনিটটি চালু করতে এক দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে। আগামীকালের মধ্যে ইউনিটটি চালু করা হবে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।


বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ইউনিটটি বন্ধ করে দেওয়া হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো।


তবে বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি চালু আছে। ওই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ আছে।


এর আগে সর্বশেষ গত ৩১ জুলাই ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। দুই দিন পর ২ আগস্ট সেটি আবার চালু করা হয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.