ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি অ্যামনেস্টির
নিরপেক্ষ সাংবাদিকতার কারণে কোনো সংবাদকর্মীকে অভিযুক্ত করা মানবাধিকারের লঙ্ঘন
একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে আনা সাংবাদিকতা-সংক্রান্ত অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ৭ মার্চ তাঁদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়। মূলত ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সদস্যদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর চালানো প্রাণঘাতী দমন-পীড়নের খবর প্রকাশের সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, নিরপেক্ষ সাংবাদিকতার কারণে কোনো সংবাদকর্মীকে অভিযুক্ত করা মানবাধিকারের লঙ্ঘন। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর মামলা দেওয়া বা তাঁদের অভিযুক্ত করা মুক্ত গণমাধ্যমের জন্য এক বড় হুমকি। তাই মানবাধিকার সংস্থাটি প্রসিকিউশন পক্ষকে উদ্দেশ্য করে অবিলম্বে পেশাগত সাংবাদিকতার স্থান থেকে আনা এসব অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানিয়েছে।