হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল
'গোপালগঞ্জ গণহত্যা দিবস' উপলক্ষে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. সুমন (২২)। তবে পুলিশ তাঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে হাজারীবাগ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ এবং কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার নির্দেশনায় এই মিছিল বের করা হয়। এতে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলটি শেষ হয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।