ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মিছিল, গুলশানে আটকে দিল পুলিশ
পুশ ইন বা পুশ ব্যাক করা ও ‘ভারতীয় আধিপত্যবাদের’ প্রতিবাদে রাজধানীতে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানে বসে বিক্ষোভ করেন মিছিলকারীরা।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে যাওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তাঁরা সড়ক ত্যাগ করেন।
সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে তাঁরা সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত ২০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগানে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ ঘটে।