পাবনায় মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, স্বজনসহ দুজন নিহত
সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পাবনায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া গোলাববাগ এলাকার অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কেয়া খাতুন (১৮) নামের বুলু খাতুনের এক স্বজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কেয়ার মরদেহটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে পাবনার সাঁথিয়ায় নেওয়া হচ্ছিল।
পথে আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও যাত্রী বুলু খাতুন নিহত হন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’