চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, ঠেকাল বিজিবি
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজন ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯/২৪-আর সীমান্ত পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাঙ্গা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে ওই সাতজনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করা হয়। এরপর তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়।
বেলা আড়াইটার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের প্রধান অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি প্রধান পর্যায়ে কথা হয়েছে। কিন্তু জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর বিষয়টি তারা অস্বীকার করেছে। এ অবস্থায় ওই ব্যক্তিদের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।